| বগুড়ার কাহালুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মলিহা খানমসহ অতিথিরা |
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার কাহালুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে। কাহালু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে টিএমএসএস এর SMART-পিসিকালচার প্রকল্প অংশগ্রহন করে।
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় পিসিকালচার প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মলিহা খানমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নুর নবী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, টিএমএসএসের দরগাহাট জোনের জোন প্রধান, SMART-পিসিকালচার প্রকল্পের কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
| বগুড়ার কাহালুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধনকালে বেলুন উড়াচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মলিহা খানম |
মৎস্য উৎপাদন বাড়াতে সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব
আলোচনা সভায় কাহালু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নুর নবী বলেন, বাংলাদেশের নদী, খাল-বিল, হাওর-বাঁওড়, পুকুরসহ বিভিন্ন জলাশয় মৎস্য সম্পদের বিশাল সম্ভাবনাময় ভান্ডার। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব জলজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
তিনি বলেন, মৎস্য খাতে পরিবেশবান্ধব ও সম্পদ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পানি, বিদ্যুৎ ও অন্যান্য সম্পদের অপচয় কমিয়ে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্ব দিতে হবে।
| বগুড়ার কাহালুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে টিএমএসএসের SMART-পিসিকালচার প্রকল্পের উদ্যোগে আয়োজিত র্যালি। |
জাতীয় মৎস্য পক্ষ শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মলিহা খানম বলেন, জাতীয় মৎস্য পক্ষ শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; দেশের মানুষের মধ্যে মৎস্যসম্পদ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মৎস্যচাষের গুরুত্ব তুলে ধরা এবং এ খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি ও সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বাংলাদেশের মৎস্য খাতের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ মৎস্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
Post a Comment